দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারী যাত্রীদের জন্য চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাসে’ এবার চড়লেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। বাসে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বললেন, এ যেন ‘সেলিব্রিটি বাসে’ চড়ার অনুভূতি।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের সামাজিক মাধ্যমে একটি ভ্লগ প্রকাশ করেন পিয়া জান্নাতুল। এতে পিংক বাসে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
এ সময় তিনি আকাশী রঙের শাড়ির সঙ্গে কালো কোর্ট পরেছিলেন। বাসে উঠে পিয়া জান্নাতুল ভেতরের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেন। যাত্রীদের নিরাপত্তায় থাকা সিসিটিভি ক্যামেরা, নির্ধারিত সময়সূচির তালিকা এবং সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩-এর তথ্যও তুলে ধরেন তিনি।
নিজের অভিজ্ঞতা জানিয়ে পিয়া বলেন, রাস্তায় চলাচলের সময় পিংক বাসের দিকে সাধারণ মানুষ বেশ কৌতূহল ও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন। বাসটিতে চড়ার অভিজ্ঞতাকে তিনি ‘সেলিব্রিটি বাসে’ চড়ার অনুভূতির সঙ্গে তুলনা করেন। এ উদ্যোগ নিয়ে ইতিবাচক আলোচনা হবে এবং এর মাধ্যমে নারীরা আরও এগিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাসযাত্রার একপর্যায়ে নারী চালকের সঙ্গেও কথা বলেন পিয়া জান্নাতুল। চালক জানান, তিনি ছয় বছর আগে গাড়ি চালানো শেখেন এবং আড়াই বছর ধরে বিআরটিসিতে চাকরি করছেন। এ কাজে তিনি পরিবারের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলেও জানান।
এদিকে পিয়ার প্রকাশিত এই ভিডিও ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
উল্লেখ্য, রাজধানীতে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ চালু করেছে। গত ১৮ আগস্ট তেজগাঁওয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেবাটি ঢাকার ১০টি রুটে নিয়মিত চলাচল করছে। নারী যাত্রীদের সুবিধার্থে বাসগুলোতে ই-টিকিট, জিপিএসের মাধ্যমে অবস্থান শনাক্ত এবং সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।
/অ