দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি।
এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডও গড়েছে ‘আওয়ারাপান টু’। তথ্য অনুযায়ী, ভারতে প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয়সহ বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।
শুক্রবার মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ২২ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি আয় করেছে ২৬ কোটি রুপি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তিটি বক্স অফিসে সাফল্য পায়নি। পুরো সময়ে সিনেমাটির আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। সেই আয়কেও ‘আওয়ারাপান টু’ মুক্তির প্রথম দিনেই ছাড়িয়ে যায়।
ইমরান হাশমির ক্যারিয়ারের অন্য সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি। ‘হক’ প্রথম দিনে ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল।
একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতা চলছে ‘আওয়ারাপান টু’র। এখন পর্যন্ত আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটি।
নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’তে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।
এমএম/