দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা ইমরান হাশমি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তার আসন্ন ছবি ‘গানমাস্টার জি৯’-এর চূড়ান্ত দৃশ্যের শুটিং চলাকালে ঘটে এই দুর্ঘটনা। আকাশে ঝুলন্ত অবস্থায় থাকা একটি গাড়ি উল্টে নিচে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। সেই সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন ইমরান। দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি উল্টে পড়ার সময় অভিনেতার মুখের খুব কাছ দিয়ে সেটি চলে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ান তিনি। সংবাদমাধ্যম ‘স্ক্রিন’-এর সঙ্গে কথা বলার সময় ইমরান হাশমির মুখপাত্র দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। পাশাপাশি জানান, অভিনেতা সুস্থ আছেন।
পরিচালক আদিত্য দত্তের ‘গানমাস্টার জি৯’ ছবিটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। নির্মাতারা ইতোমধ্যেই ছবিটির ঝলক ও কয়েকটি গান প্রকাশ করেছেন। মুক্তির আগে ছবির চূড়ান্ত দৃশ্যের শুটিং শেষ করতে ব্যস্ত রয়েছেন তারা।
এর আগে চলতি বছর হরিদ্বারে ছবিটির শুটিং ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে শুটিংয়ের জন্য ব্যবহৃত সাজসজ্জা দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ সেটিকে পানশালা বলে ভুল করেছিলেন। পরে প্রযোজক দীপক মুকুট জানান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করা হয়েছিল।
তিনি আরও বলেন, শুটিংয়ের সময় প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হলেও কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের থাকে না এবং তারা স্থানীয় নিয়মকানুন মেনে চলেন।
‘গানমাস্টার জি৯’ ছবির মাধ্যমে প্রায় ২০ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন ইমরান হাশমি ও পরিচালক আদিত্য দত্ত। ২০০৬ সালের ‘দিল দিয়া হ্যায়’ ছবির পর তাদের এই পুনর্মিলন। এর আগে ২০০৫ সালের ‘আশিক বানায়া আপনে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। নতুন ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি গায়ক হিমেশ রেশমিয়াও তাদের সঙ্গে ফিরছেন। ছবিতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা ও অপারশক্তি খুরানা।
১৯৭৯ সালের গুপ্তচরধর্মী ছবি ‘সুরক্ষা’য় মিঠুন চক্রবর্তীর অভিনীত চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘গানমাস্টার জি৯’। ১৯৮১ সালের ‘ওয়ারদাত’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। অন্যদিকে, চলতি বছরের শুরুতে ‘আওয়ারাপন ২’-এর বাণিজ্যিক সাফল্যের পর নতুন এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/অ