দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার জিতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমা মুক্তির সকালে মায়ের আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে হাজির হন অভিনেতা। হলুদ পাঞ্জাবিতে স্নিগ্ধ সাজে মন্দিরে গিয়ে মায়ের মূর্তিতে মালা পরিয়ে আরতি করেন তিনি। পরে ভক্তিসহকারে পুজো দিয়ে সিনেমার সাফল্য কামনা করেন জিৎ।
সিনেমা মুক্তির আগে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চল তারকাদের মধ্যে নতুন নয়। সেই ধারাবাহিকতায় নিজের নতুন ছবির সাফল্যের আশায় কালীঘাটে হাজির হন জিৎ। মন্দিরের ভেতরে তাঁর পুজো দেওয়ার মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দুই বছরের বিরতির পর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন জিৎ। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। জিৎ-ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহও ছিল তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ভবিষ্যতে দর্শকদের কথা মাথায় রেখে বছরে একটির বেশি সিনেমায় অভিনয়ের পরিকল্পনা রয়েছে তাঁর।
টিজার ও ট্রেলারে জিতের নয়টি ভিন্ন লুক ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ছবিতে তিনি অভিনয় করেছেন কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় জিতের অভিনয় নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে।
বাংলা সিনেমায় একদিকে যখন ভিন্নধারার গল্প নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে, অন্যদিকে মূলধারার বাণিজ্যিক সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন জিৎ। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাতেও সেই বাণিজ্যিক আবহের সঙ্গে ইতিহাসের গুরুত্বপূর্ণ এক চরিত্রকে তুলে ধরা হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসায় এখন দর্শকের প্রতিক্রিয়ার পাশাপাশি বক্স অফিসের হিসাব নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির প্রথম দিনে ছবিটি কতটা ব্যবসা করতে পারল, সেদিকেই এখন নজর সিনেমাপ্রেমী ও সংশ্লিষ্টদের। শুক্রবার দিনের শেষে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ কত কোটি রুপি আয় করল, সেটিই এখন বড় প্রশ্ন।
কেএম