দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নাকচ করে দিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেছেন, বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সবার আগে সংবাদমাধ্যমকে জানাবেন।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জির সাক্ষাৎ এবং পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়। এসব বৈঠককে কেন্দ্র করে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
তবে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এসব গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন প্রসেনজিৎ।
তিনি বলেন, “আমার নবান্নে আসাকে ঘিরে যে চর্চা হচ্ছে, সেটা একেবারে ভিত্তিহীন। আমি আমার ইন্ডাস্ট্রির ভালোমন্দ নিয়ে আলোচনা করতে এসেছি। কীভাবে বাংলা ইন্ডাস্ট্রির আরও উন্নতি হবে, সেটা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”
রাজ্যসভার সদস্য হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রসেনজিৎ বলেন, “দয়া করে রাজনীতি নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। আমি ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে কথা বলতে এসেছি। শুটিংয়ের সময় নানা ধরনের সুবিধা-অসুবিধার মুখোমুখি হতে হয়। সেসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।”
বৈঠকে টলিউডের বর্তমান পরিস্থিতি, শিল্পের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এই অভিনেতা।
প্রায় চার দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রসেনজিৎ বলেন, শিল্পের স্বার্থেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
স্টুডিওপাড়ায় নতুন কোনো কমিটি গঠিত হলে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ইন্ডাস্ট্রির অংশ। যদি আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে ইন্ডাস্ট্রির স্বার্থে অবশ্যই তা গ্রহণ করব। আমাদের সবার লক্ষ্য টলিউডের উন্নয়ন।
জে আই