দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে এসপোসিতো ইসলাম গ্রহণ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করেন। এ ঘটনার একটি ভিডিওও তিনি প্রকাশ করেছেন।
বর্তমানে ৬৮ বছর বয়সী এসপোসিতো সৌদি আরবে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগস’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন। সিনেমাটিতে মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক অভিনয়শিল্পী রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সম্প্রদায়ের আতিথেয়তা, সংস্কৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা এসপোসিতোর ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুটিং চলাকালে অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।
ইতালীয় ও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত এসপোসিতোর অভিনয়জীবন পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ের ‘ম্যাগি ফ্লিন’ মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
পরবর্তীতে তিনি নির্মাতা স্পাইক লির একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে রয়েছে ‘ডু দ্য রাইট থিং’, ‘স্কুল ডেজ’, ‘মো বেটার ব্লুজ’ ও ‘ম্যালকম এক্স’।
বিশ্বব্যাপী তার সবচেয়ে বেশি পরিচিতি আসে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিঞ্জ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শান্ত স্বভাবের এক রেস্তোরাঁ মালিকের আড়ালে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক এই চরিত্রটি টেলিভিশনের ইতিহাসে অন্যতম স্মরণীয় খলচরিত্র হিসেবে বিবেচিত।
পরবর্তীতে তিনি একই চরিত্রে অভিনয় করেন ‘বেটার কল সল’ সিরিজে। এছাড়া ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘দ্য বয়েজ’-সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় প্রযোজনায় তিনি অভিনয় করেছেন।
জে আই