দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে জাহের আলভী আদালতে উপস্থিত হন। পরে ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হয় এবং তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের পক্ষে শুনানি করেন। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
জামিন আবেদনে বলা হয়, আসামি ঘটনার সঙ্গে জড়িত নন এবং এটি সম্পূর্ণ হয়রানিমূলক মামলা। সেখানে দাবি করা হয়, প্রেমের বিয়ে ও পারিবারিক জটিলতার জেরে বাদীপক্ষ ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের করেছে। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়। আরও বলা হয়, মামলার সময় তিনি নাটকের শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আফরা ইবনাত ইকরাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিনই ইকরার বাবা কবির হায়াত খান আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। অভিযোগে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যায় বাধ্য হন বলে দাবি করা হয়।
উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এ মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।
জে আই