দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা, তখন নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে আবেগ ও সমর্থনের কথা জানিয়েছেন অভিনেতা, মডেল ও গায়ক চঞ্চল চৌধুরী।
ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক এই জনপ্রিয় অভিনেতা জানান, কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার খেলার প্রতি ভালোবাসা থেকেই তার আর্জেন্টিনার প্রতি সমর্থন গড়ে ওঠে।
চঞ্চল বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা করি। স্কুলজীবনে নিয়মিত ফুটবল খেলতাম। পাবনার সুজানগরের উদয়পুর হাইস্কুলে পড়ার সময় বিভিন্ন টুর্নামেন্ট ও ইউনিয়নভিত্তিক দলের হয়ে খেলেছি। বেশ কিছু গোল করার স্মৃতিও আছে।
অভিনয়ের ব্যস্ততায় এখন আর মাঠে নামা হয় না বলে জানান তিনি। তবে ফুটবলের প্রতি ভালোবাসা আগের মতোই রয়েছে। বিশ্বকাপ এলেই সেই উন্মাদনা নতুন করে ফিরে আসে।
প্রিয় দলের খেলা উপভোগ করতে নিজের কাজের সময়সূচিও বদলে নিয়েছেন চঞ্চল। তিনি বলেন, আর্জেন্টিনার ম্যাচ থাকলে চেষ্টা করি অন্য কোনো কাজ না রাখতে।
আর্জেন্টিনার প্রতি নিজের আস্থার কথাও জানান এই অভিনেতা। তার বিশ্বাস, গতবারের মতো এবারও দলটি দর্শকদের দারুণ ফুটবল উপহার দেবে এবং সমর্থকদের আনন্দ দেবে।
তবে ফুটবল নিয়ে অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতা বা বিভাজনের বিপক্ষে অবস্থান নিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি মনে করেন, খেলার আনন্দ যেন কখনো বিরোধ বা দুর্ঘটনার কারণ না হয়।
দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা বলেন, ফুটবলটা হোক শুধুই বিনোদন। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, নিজেদের মধ্যে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা বা রেষারেষি না থাকে।
জে আই