দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার পোশাক নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভেস্তি-শার্টের পরিবর্তে কালো রঙের প্যান্টস্যুট পরে উপস্থিত হওয়ায় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি।
সোমবার (১ জুন) তিরুচিরাপল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম জনসভায় বক্তব্য দিতে গিয়ে সেই বিতর্কের জবাব দেন তিনি।
বিজয় বলেন, সম্প্রতি আমার পরা নতুন ধরনের স্যুট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চাইছেন, আমি কেন স্যুট পরছি। কোট-স্যুট কি শুধু ক্ষমতাবানদের জন্য? আমরা কি তা পরতে পারি না?
তিনি জানান, তার পোশাক নির্বাচনের পেছনে একটি প্রতীকী বার্তা রয়েছে।
“আমি নানা রঙের পোশাক পরছি না। শুধু কালো ও সাদা রঙ ব্যবহার করছি, ঠিক আমাদের হৃদয়ের মতো। আমি সব বিষয়ে স্বচ্ছ ও সরল থাকতে চাই। কালো-সাদার মতোই আমার অবস্থান পরিষ্কার থাকবে,” বলেন মুখ্যমন্ত্রী।
তার এই বক্তব্যে জনসভায় উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
বিজয় আরও বলেন, অপ্রয়োজনীয় দীর্ঘ বক্তব্য দেওয়া তার পছন্দ নয়।
সবাই জানেন, বেশিরভাগ সভায় আমি ২০ মিনিটের বেশি কথা বলি না।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ের পরা কালো স্যুটটি ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার জাফির ও শাদাব। শপথ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা লিখেছিলেন, “এটি একটি গর্বের ঐতিহাসিক মুহূর্ত। তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিজয় জোসেফকে অভিনন্দন। শপথ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি আমাদের কালো স্যুট পরিধান করেছেন তিনি। এর অংশ হতে পেরে আমরা সম্মানিত।”
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সাদা শার্ট ও ভেস্তি নেতাদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পরিচিত। সেই প্রথা ভেঙে পশ্চিমা ধাঁচের কালো স্যুট বেছে নেওয়ায় বিজয়ের পোশাক বিশেষভাবে নজর কেড়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়ে বিজয় তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলটি ১০৮টি আসনে জয়লাভ করে। পরে জোটসঙ্গীদের সমর্থনে সরকার গঠন করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
জে আই