দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টালিউড অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন এক প্রযোজকের বিরুদ্ধে। পুরোনো একটি সিনেমার সাইনিং মানি ফেরত চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন।
অভিনেতার অভিযোগ, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোন করে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
সোহম জানান, ২০১৮ সালে পরিচালক মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হন। ওই সিনেমার জন্য তাকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল।
তার ভাষ্য, সিনেমার কাজ শুরুর কিছুদিন পর পরিচালক মহুয়া চক্রবর্তী প্রযোজকের আচরণ ও ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ আর এগোয়নি।
সম্প্রতি প্রযোজক তরুণ দাস সোহমের কাছে সাইনিং মানির টাকা ফেরত চান। তবে সোহমের দাবি, চলচ্চিত্র অঙ্গনের প্রচলিত নিয়ম অনুযায়ী অভিনেতা নিজে থেকে সিনেমা না ছাড়লে অগ্রিম অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকে না।
তিনি আরও বলেন, পরিচালক নিজেই সিনেমা থেকে সরে যাওয়ায় প্রকল্পটির বেশিরভাগ কাজ অসম্পূর্ণ থেকে যায়। এ কারণে তিনি সাইনিং মানি ফেরত দেবেন না বলে প্রযোজককে জানিয়ে দেন।
অভিনেতার অভিযোগ, টাকা ফেরত না পাওয়ার পর প্রযোজক তার অফিসে যান এবং পরে ফোনে হুমকি দেন।
অন্যদিকে প্রযোজক তরুণ দাস দাবি করেছেন, সোহমকে একাধিকবার শুটিংয়ের সময় দিতে বলা হলেও তিনি সময় দিতে পারেননি। এ কারণেই সিনেমাটির কাজ এগোয়নি।
তবে প্রযোজকের এই দাবি নাকচ করে দিয়েছেন সোহম। তার বক্তব্য, শুটিংয়ের জন্য সময় দিতে তার কোনও সমস্যা ছিল না এবং প্রযোজকের অভিযোগের কোনও ভিত্তি নেই।
নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকির বিচার চেয়ে প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।
জে আই