দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বড় পর্দা কাঁপানোর পর এবার ঘরে বসেই উপভোগ করা যাবে আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’। কয়েক দিন আগেই ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছিল আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার। এবার সেই তালিকায় যোগ হলো রোজার ঈদের আরও দুই আলোচিত সিনেমা। আগামী ২৪ মে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত বহুল আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’। অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন টেলিভিশনের পর্দায় চ্যানেল আইয়ে সম্প্রচার হবে দর্শকপ্রিয় সিনেমা ‘প্রিন্স’। সব মিলিয়ে ঈদের আলোচিত সিনেমাগুলো এবার ঘরে বসেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। অভিনয় করেছেন একদল তারকা। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন প্রমুখ। বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে।
অন্যদিকে চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সর্বাধিক হলে মুক্তি পেলেও সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি নিয়ে অভিযোগ ছিল অনেক। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো; যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। মুক্তির পর সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের পাশাপাশি গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে।
মুক্তির এক মাস পর অনুমোদন ছাড়াই কিছু গান ও দৃশ্য সংযোজন করার অভিযোগে প্রিন্স সিনেমার সেন্সর সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এর পর থেকে হলে আর প্রদর্শিত হয়নি সিনেমাটি। নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত এ সিনেমায় শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার প্রমুখ।
প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।
কেএম