দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেলিফিল্মকে জোড়াতালি দিয়ে সিনেমা বানানোসহ নানা অভিযোগে শেষমেশ বাতিল করা হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ। মূলত অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
তিনি জানান, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-কে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে তখন এ প্রকল্প নিয়ে কোনো অভিযোগ ছিল না। পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেন।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাত নামে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন। অভিযোগে জেবা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয় বলে জানান। পরে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করলে তিনি আমাদের কাছে অভিযোগ করেন। তার সঙ্গে নাটকের চুক্তি হয়েছে, সিনেমার বিষয়ে কোনো চুক্তি হয়নি। সে জন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।’
এই প্রজেক্টে বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমীও অভিনয় করেছেন। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে চুক্তি করেন তিনি। সম্প্রতি তিনিও বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অভিযোগ করেছেন।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে জেবার অভিযোগ ছিল, তাকে নাটকের কথা বলে কাজ করিয়েছিলেন সিনেমার পরিচালক হাসান জাহাঙ্গীর। কাজ করতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। তখন থেকেই বিষয়টি নিয়ে শক্ত অবস্থান নেন জেবা।
কেএম