দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। নির্মাতা হাসান জাহাঙ্গীর ছবিটি ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর এতে আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।
রোববার (৩ মে) সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ কোনো সিনেমা নয়; এটি যুক্তরাষ্ট্রে ধারণ করা একটি নাটক। তিনি জানান, দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, এই কাজটি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানান।
একই ভিডিওতে মৌসুমী বলেন, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে সম্মত হন এবং কয়েক দফায় শুটিংয়ে অংশ নেন। পরে নির্মাতা তাকে জানান, অতিরিক্ত ফুটেজের কারণে এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। তবে পরবর্তীতে তিনি জানতে পারেন, কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে।
মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটির ধরন পরিবর্তন করা হয়েছে এবং তাকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে, যা তিনি অনৈতিক মনে করেন। এ ঘটনায় তিনি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে ওমর সানী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোতে চিঠি পাঠিয়েছেন।
অভিযোগের বিষয়ে নির্মাতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘এই ভিডিওটি বানাতে মৌসুমী আপাকে বাধ্য করা হয়েছে। এই প্রকল্পে তাকে সিনেমার সম্মানী দিয়েই যুক্ত করা হয়েছিল।’
এর আগে এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, ‘হাসান জাহাঙ্গীরের কোনো সিনেমার শুটিং করিনি; তার সঙ্গে দুটি নাটকের কাজ হয়েছে।’
সবকিছু মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্ধারিত তারিখে মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়।
এমএস/