দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করা প্রতিষ্ঠান লিড মার্কেটিং বিডির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিড মার্কেটিং বিডির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন এবং পুষ্টি গ্রুপ পিজিএলের হেড অব সেলস আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন ও সামাজিক কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা।
মুনমুন আহমেদ বলেন, লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ, যার লক্ষ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া।
তিনি বলেন, আমরা শিল্পীরা সব সময় সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারি না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপকারে আসা সম্ভব। এ কারণেই আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি।
দীর্ঘদিন চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও অভিনয়ের বাইরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহের কথা জানান তিনি। মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় এই উদ্যোগের অংশ হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন জানান, ২০১৬ সাল থেকে মাঠপর্যায়ে সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে লিড মার্কেটিং বিডি। তাদের মূল লক্ষ্য চাল, ডাল, আটা, ময়দা, সুজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশের ৪৬টি জেলায় তাদের সেবা বিস্তৃত হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করে যাবে লিড মার্কেটিং বিডি।
আরএ