দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় সিনেমায় নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন। প্রথমবারের মতো তারা একসঙ্গে পর্দায় আসছেন ‘ককটেল ২’ ছবিতে। আর ছবির গল্প নিয়েই ইতোমধ্যে দর্শক-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও চমক।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘ককটেল ২’ ছবিতে রাশমিকা ও কৃতিকে দেখা যাবে সমকামী দম্পতির চরিত্রে। ধর্মীয় ও সামাজিকভাবে নিষিদ্ধ এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার গল্পকে কেন্দ্র করে এগোবে ছবির কাহিনি। সিনেমার প্রয়োজনে দুই নায়িকার রোমান্সকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হবে, যা বলিউডের মূলধারার সিনেমায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শহিদ কাপুর। তিনি দুই নারীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির ভূমিকায় থাকবেন। সম্প্রতি শেষ হওয়া শুটিং থেকে প্রকাশিত একটি ফ্রেমে রাশমিকা, কৃতি ও শহিদ তিনজনকেই একসঙ্গে দেখা গেছে।
ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করলেও গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। পুরো কাহিনি ঘিরে রহস্য বজায় রেখেছেন নির্মাতারা।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন রাশমিকা। দক্ষিণের অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার বিয়ের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। সেই প্রেক্ষাপটে ‘ককটেল ২’-এ তার সমকামী চরিত্রে অভিনয়ের খবর আরও বেশি করে নজর কাড়ছে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে পারে ‘ককটেল ২’। দুই জনপ্রিয় অভিনেত্রীকে ভিন্নধর্মী চরিত্রে দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা। ছবিটি মুক্তির আগেই তাই বলিউডে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।
জে আই