দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে প্রযোজনা সংস্থা থেন্নাডাল ফিল্মস। দীর্ঘদিন ধরে একটি চলচ্চিত্র প্রকল্প ঝুলে থাকার জেরে সংস্থাটি অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছে বলে দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
প্রযোজনা সংস্থার দাবি, ২০১৬ সালে ধানুশ তাদের সঙ্গে ‘নান রুদ্রন’ নামের একটি ছবিতে অভিনয় ও পরিচালনার চুক্তিতে সই করেছিলেন।
তবে অভিযোগ, চুক্তির পরও ছবির কাজ শুরু হয়নি। এমনকি দশ বছর পেরিয়ে গেলেও শুটিং শুরু না হওয়ায় প্রযোজক পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংস্থার আইনজীবী এ চিদম্বরমের বক্তব্য অনুযায়ী, ধনুষ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য জমা দেননি এবং প্রযোজনা সংস্থা চিত্রনাট্যে কিছু পরিবর্তনের প্রস্তাব দিলে সেখান থেকেও সরে দাঁড়ান। পাশাপাশি, ছবির কাজ শেষ না করেই অন্য প্রজেক্টে সময় দেওয়ায় ‘নান রুদ্রন’-এর কাজ মাঝপথে আটকে যায় বলে অভিযোগ।
নোটিশে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ছবির পেছনে যে বড় অঙ্কের বিনিয়োগ করা হয়েছিল, ধনুষের অসহযোগিতার কারণে তা ক্ষতির মুখে পড়ে। নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে আরও কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রযোজনা সংস্থা।
তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত ধনুষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইনি টানাপোড়েনের মধ্যেই ধানুশ তার নতুন প্রজেক্ট ‘ডি৫৫’-এর ঘোষণা করেছেন। ছবিটি পরিচালনা করবেন ‘রাজকুমার পেরিয়াসামি’। সম্প্রতি ধানুশের প্রযোজনা সংস্থা ‘ওয়ান্ডারবার ফিল্মস’ সোশ্যাল মিডিয়ায় টিমের ছবি শেয়ার করে এই নতুন প্রকল্পের কথা নিশ্চিত করেছে। নতুন এই কাজ ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
এবি/