দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনোদন অঙ্গনে সুখবর, দ্বিতীয়বারের মতো বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি সুস্থ ও ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে পলাশের পরিবার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়।
এ বিষয়ে পলাশ বলেন, আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।
টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তা আসে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।
ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। পরের বছর, ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা হন তিনি। তাদের প্রথম সন্তানের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার সেই সংসারে যুক্ত হলো কন্যাসন্তানের নতুন হাসি।
ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’এর সঙ্গে কাজের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।
একপর্যায়ে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’এর সাফল্যের পর তার ক্যারিয়ার নেয় নতুন মোড়। নিয়মিত অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক ও টিভিসি নির্মাণ করতেও দেখা যায় এই অভিনেতা-নির্মাতাকে।
জে আই