দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক সময়ে ফুটবল এবং ফুটবলারদের নিয়ে গায়ক আসিফ আকবরের বিতর্কিত মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সরগরম রয়েছে। আসিফ আকবরের মন্তব্যের প্রতিক্রিয়ায় ফুটবলার ও চিত্রনায়ক ওমর সানীও সরাসরি তার প্রতিক্রিয়া দিয়েছেন। এরই মধ্যে দুই তারকার মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যে ‘শব্দযুদ্ধ’ নতুন মাত্রা পেয়েছে।
গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবর যখন ফুটবল ও খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন অনেক ফুটবলারসহ নেটিজেনরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সেই ঘটনার পর ওমর সানীও সামাজিক মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সম্প্রতি এক পডকাস্টে আসিফ আকবর ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে আখ্যায়িত করেন। এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করেন আসিফ। তবে শেষ পর্যন্ত ‘আই লাভ হিম’ বলে মন্তব্য নরম করার চেষ্টা করেন গায়ক।
তবে আসিফের এসব মন্তব্য ওমর সানীর কাছে মেনে নেওয়ার মতো হয়নি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি কঠোর ভাষায় জবাব দেন আসিফকে। সানী বলেন, আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। আমার পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের ব্যাপারে কথা বলেছিলাম। কিন্তু সে টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, এটা আমি গ্রহণ করতে পারছি না।
সানী আরও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল, কিন্তু আমার পরিবার নিয়ে নয়।
ভিডিওর এক পর্যায়ে হাতে ইশারা দিয়ে তিনি বলেন, হাতটা দেখছিস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।
শেষে সানী আসিফকে উদ্দেশ্য করে বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে? ভালো হয়, ভদ্র হয়। আল্লাহ তোকে সম্মান দিয়েছে, সেটা ধরে রাখ।
ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ভালো হয়ে যাও, আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না। এভাবেই দুই তারকার মধ্যে উত্তপ্ত এই ‘শব্দযুদ্ধ’ সামাজিক মাধ্যমসহ সমালোচনার কেন্দ্রে রয়েছে।
জে আই/ আরএ