দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাট্যকার মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।
চলচ্চিত্রটির চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, ‘নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে, এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। চিত্রনাট্য লিখতে গিয়ে সামাজিক ও ধর্মীয় অনেক জটিলতা মোকাবিলা করতে হয়েছে। এই চলচ্চিত্র ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সহাবস্থানের কথা বলে। আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও জীবনযাত্রার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।’
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবে দেশি-বিদেশি শতাধিক চলচ্চিত্র অংশ নেবে। উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’।
অন্যদিকে, পাকিস্তানের সিন্ধ সরকারের সহযোগিতায় করাচির আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) আয়োজিত ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে ৩১ অক্টোবর এবং চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ৩৮ দিনব্যাপী এ উৎসবে বিশ্বের শতাধিক দেশের শিল্প, সঙ্গীত, নাটক ও নৃত্য পরিবেশিত হবে। প্রতি সপ্তাহে দুই ঘণ্টার চলচ্চিত্র প্রদর্শনী পর্বের অংশ হিসেবে ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।
উৎসবে আন্তর্জাতিক শিল্পীদের পাশাপাশি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান বিশেষ পরিবেশনা করবেন। তিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর পরিবেশনার মধ্য দিয়েই ৭ ডিসেম্বর ওয়াইএমসিএ লনে উৎসবের সমাপ্তি হবে।
দুটি আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় নির্মাণ সংশ্লিষ্ট সবাই আনন্দ প্রকাশ করেছেন। পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, ‘আমরা সহজ একটি গল্প সাধারণভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে—এটা আমার জন্য অনুপ্রেরণার।’
সুপার সাইক্লোন সিত্রাং চলাকালে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’-এর গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।
এমএস/