দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন) জিতেছে আন্তর্জাতিক পুরস্কার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিট ২০২৫ (আসিয়ান সংস্করণ)-এ চলচ্চিত্রটি পেয়েছে ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’।
গ্রামীণফোনের কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন। আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্যে কঠোর মূল্যায়নের পর জিএসএমএ বিচারক প্যানেল গ্রামীণফোনকে বিজয়ী ঘোষণা করে। এই পুরস্কার এমন প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়, যারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন ও সামাজিক উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে।
‘কাগজের কলম’ চলচ্চিত্রে যশোরের উদ্যোক্তা নাসিমা আখতারের বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তিনি ‘শুভ পরিবেশবান্ধব কলম’ তৈরি করে দেখিয়েছেন, কীভাবে সাধারণ একটি ধারণা টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের পথ খুলে দিতে পারে। ব্যবহারের পর এই কলম মাটিতে রোপণ করলে তা গাছে পরিণত হয়। তার এই উদ্ভাবন স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং পরিবেশবান্ধব জীবনধারায় অনুপ্রেরণা জুগিয়েছে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামানের নেতৃত্বে একটি দল যশোরে নাসিমা আখতারের বাড়ি ও কারখানা পরিদর্শন করে এই অর্জন উদযাপন করে। তিনি বলেন, ‘গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন মানুষ তার ধারণাকে বাস্তবে রূপ দিতে পারে। এই স্বীকৃতি প্রমাণ করে যে, শক্তিশালী ধারণা ও দৃঢ় প্রতিজ্ঞাই অর্থবহ পরিবর্তনের সূচনা করে।’
গ্রামীণফোন নাসিমা আখতারকে তার উদ্ভাবনের জন্য ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি চলচ্চিত্রটির সৃজনশীল সহযোগিতায় গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড ও ইন্ডি রিলসকেও কৃতজ্ঞতা জানিয়েছে।
দীর্ঘদিন ধরে সামাজিক ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও টেকসই উন্নয়নে কাজ করছে গ্রামীণফোন। আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির সেই অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
এমএস/