দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু ২৯ বছর পেরিয়ে গেলেও অবশেষে তার মৃত্যুর মামলায় নতুন মোড় আসছে। আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছেন, দীর্ঘদিন অপমৃত্যু হিসেবে চলা মামলাটিকে হত্যা মামলার তদন্তে পরিণত করতে হবে। মামলাটি এখন রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘ সময় ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও কার্যকর কোনো তদন্ত করা হয়নি। নতুন এই নির্দেশের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি এবং খল অভিনেতা ডন হক। সালমান শাহর পরিবার বরাবরই দাবি করেছেন, তার মৃত্যু পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল। মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, হত্যার প্রমাণ থাকলেও পুলিশ প্রথমে মামলা অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে।
সালমান শাহর মৃত্যুর পর তার পরিবারের অভিযোগের মূল নিশানা ছিলেন সাবেক স্ত্রী সামিরা হক, যা সামিরা বরাবরই অস্বীকার করেছেন। নতুন মামলার নির্দেশের পর থেকে সামিরা এবং তার মা লতিফা হক লুসির খোঁজ মিলছে না, এবং সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। অপরদিকে মামলার অভিযুক্ত ডন হকও কিছুদিন ধরেই ফোনে পাওয়া যাচ্ছেন না।
নব্বই দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মৃত্যুর ২৯ বছর পরও তার নাম এবং চলচ্চিত্রে অবদান চিরস্মরণীয় হয়ে আছে।
আদালতের নতুন নির্দেশ এবং মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশ হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং আশার অনুভূতি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সালমান শাহর সমর্থকরা তার মৃত্যুর নেপথ্য রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন।
জে আই