দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব সংগীতের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা—বাংলাদেশের গর্ব, দক্ষিণ এশিয়ার কিংবদন্তি কণ্ঠ। সুরের জগতে তার ছয় দশকের অনবদ্য পথচলা পূর্ণ হয়েছে এ বছর। এই অনন্য অর্জনকে ঘিরে আজ শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’, যেখানে রুনা লায়লার জীবনের অজানা গল্প, সংগীতের অপ্রকাশিত মুহূর্ত ও চমকপ্রদ স্মৃতি উঠে আসবে এক বিশেষ পর্বে।
অনুষ্ঠানে রুনা লায়লাকে শুভেচ্ছা জানাবেন দেশের বর্তমান সময়ের ১০ জনপ্রিয় শিল্পী—কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকন্যা, সাব্বির, কিশোর, অপু ও ইউসুফ। তাদের পাঠানো শুভেচ্ছা বার্তায় আবেগে ভেসেছেন এই জীবন্ত কিংবদন্তি। শুধু দেশ নয়, রুনা লায়লার পরিবার ও আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরাও ভিডিও বার্তার মাধ্যমে তাকে জানাবেন শুভেচ্ছা ও শ্রদ্ধা।
শুধু সংগীত নয়, এ আয়োজনে দেখা যাবে তার শৈশব ও কৈশোরের দুর্লভ ছবি, জানা যাবে সেসব অজানা অধ্যায়, যা এখনও শ্রোতাদের অজানা ছিল।
সম্প্রতি দেশের বাইরে সফর শেষে দেশে ফিরে এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রুনা লায়লা বলেন, দেশে ফিরেই এমন এক আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আবেগাপ্লুত। আমার সংগীত জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই শোয়ের পরিকল্পনা, সেট ডিজাইন, কেক—সবকিছুই অসাধারণ লেগেছে।
প্রজন্মের পর প্রজন্ম যার কণ্ঠে অনুপ্রেরণা খুঁজে পেয়েছে, সেই রুনা লায়লা আজও সংগীতের অবিচল প্রতীক। তার ছয় দশকের সুর যাত্রা শুধু ইতিহাস নয়, এটি বাংলাদেশের সংগীতের গৌরবগাঁথা।
/অ