দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ পঁচিশ বছরের সঙ্গীতজীবনের পর গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তবে সেই ঘোষণার পরও রাজধানীর এক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত ইভেন্টে আবারও মঞ্চে দেখা গেছে তাকে।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়ে দর্শকদের জন্য গান পরিবেশন করেন তাহসান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকদের অনুরোধে তাহসান কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। তার এমন পারফর্মেন্সে শ্রোতা–ভক্তদের মনে প্রশ্ন জাগে— এটাই কি তবে তাহসানের শেষ পারফর্ম?
ইভেন্ট শেষে উপস্থাপক তাহসানকে প্রশ্ন করেন, আপনি তো ঘোষণা দিয়েছেন গান থেকে সরে আসছেন, এটা কি সত্যিই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত?
জবাবে তাহসান খান বলেন, আমি নিশ্চিত নই এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ কি না, কারণ মঞ্চে বলা আমার কথার অংশবিশেষ নিয়েই অনেক সময় খবর তৈরি হয়। তাই আমি এখন খুব সতর্ক থাকি। তবে একটা কথা বলব— অনেক বছর আগে আমার ভাই বলেছিল, সঙ্গীতশিল্পীদের মেয়াদকাল খুব সীমিত। আমি তখন চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ শুরু করেছি। তখন মনে হয়েছিল, শিল্পীর মেয়াদকাল কম হতে পারে, কিন্তু তার তৈরি করা ‘আর্ট’ চিরকাল বেঁচে থাকে।
তিনি আরও বলেন, আমার মনে হয়েছে, আমি ততদিনই গান করব যতদিন পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকতে পারি। কারণ এই পেশায় রিটায়ারমেন্ট না থাকলেও একসময় মানুষ ভুলে যায়। ভুলে যাওয়ার সেই ক্ষতটার চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।
তাহসানের এই বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন, এটাই হয়তো তার মঞ্চ জীবনের শেষ পারফর্ম হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে তিনি আর কোনো কনসার্ট বা গানের কার্যক্রমে যুক্ত হবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
জে আই