দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অব বাংলাদেশ (টেজাব) পথ চলার এক বছর পূর্ণ করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হল প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিনোদন সাংবাদিক ও তাদের পরিবার। বিকেলে সালমান শাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অন্তরে অন্তরে’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দর্শকদের আবেগঘন স্মৃতিচারণে প্রেক্ষাগৃহটি মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এবং বিনোদন জগতের অন্যান্য বিশিষ্টজন। এছাড়া একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অব নিউজ শফিক আহমেদ টেজাবকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনটির এই বর্ষপূর্তি দেশের বিনোদন সাংবাদিকতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন, টেজাব ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সভায় টেজাব নেতারা বলেন, বিনোদন সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বাড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়নে তারা নতুন উদ্যোগ নেবে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, টেজাব ইতোমধ্যেই দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
দিনব্যাপী আয়োজন শেষে কেক কাটা ও মধুমিতা হল প্রাঙ্গণে মেজবানির মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
এমএস/