দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রখ্যাত পাকিস্তানি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা আনোয়ার আলী আর নেই। দীর্ঘ অসুস্থতার পর সোমবার (১ সেপ্টেম্বর) লাহোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এ গুণী শিল্পী। গত ৩১ আগস্ট হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর লাহোরের মডেল টাউন লিংক রোডে তার জানাজা অনুষ্ঠিত হয়।
চার দশকেরও বেশি সময় ধরে শিল্প-অঙ্গনে সক্রিয় ছিলেন আনোয়ার আলী। সমান পারদর্শিতার সঙ্গে অভিনয় করেছেন নাটক, সিনেমা ও মঞ্চে। তিনি ছিলেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা। টিভি নাটক সোন চণ্ডী, জঞ্জাল পুরা, নিশানি (১৯৭৯) ও খুদা বখশ (১৯৮৯)-এ তার অসাধারণ অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। এছাড়া কমেডি শো খবরনাক (২০১০)-এ অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
আনোয়ার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। তিনি বলেন, “শিল্পকলায় আনোয়ার আলীর অবদান সবসময়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে।” রাষ্ট্রপতি প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান করেন।
এর আগে গত আগস্টে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন আনোয়ার আলী। তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।
জে আই/ আরএ