দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এসেছিলেন বাংলাদেশে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নির্মিত ‘গুলমোহর’ সিরিজে অভিনয় করতে। অভিনয় শেষে দেশে ফিরে জানিয়েছেন ঢাকার এয়ারপোর্টে অদ্ভুত অভিজ্ঞতার কথা।
শাশ্বত বলেন, ‘এর আগে বাংলাদেশের ওপর দিয়ে বিমানে ফ্লাই করে গেছি, কিন্তু এই দেশে কখনো যাওয়া হয়নি। ছোটবেলায় অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে কলকাতা থেকে বিটিভি দেখা যেত। সেই সূত্রে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে যোগাযোগ ছিল। সুন্দর সুন্দর নাটক হতো, সেগুলো দেখতাম। এবার প্রথমবার যখন নামি ঢাকা এয়ারপোর্টে, অদ্ভুত এক্সপেরিয়েন্স হলো।’
বিমানবন্দরে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে যিনি ছিলেন তিনি ‘ক্যামেরার দিকে তাকান’ বলে আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেলেন। সঙ্গে একগাল হাসি। বাংলাদেশে ঢোকার একটু আগে, আপনাদের এয়ারপোর্টে আর্মির একটা বেজ আছে, ছোট অফিস গোছের। সেখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এসে বললেন, ‘কোথায় যাচ্ছেন?’ আমি বললাম, শুটিং করতে। বললেন, ‘দেশে তো ঢুকতে দেব না।’ আমি বললাম, মানে? আমি এত দূর থেকে আসছি। বললেন, ‘এখানে তো এক কাপ চা না খেয়ে আপনি দেশে ঢুকতে পারবেন না।’ এভাবে বাংলাদেশে আমার এন্ট্রি হলো। এরপর পুরো সময়টা স্বপ্নের মতো কেটেছে।’
ওয়েব সিরিজ সম্পর্কে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটি হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বলল বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’
এফএইচ/