দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গানপাগল তরুণ সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েকজন তরুণ মিলে ১৯৭২ সালে 'সুরেলা' নামের একটি ব্যান্ড গঠন করেন। এরপর ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় 'সোলস'। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সাজেদ, লুলু ও রনি ছাড়াও পরবর্তী সময়ে নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু সোলসে যোগ দেন। বর্তমানে নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া ব্যান্ডটির হাল ধরে আছেন দীর্ঘ বছর ধরে।
সোলসের প্রথম অ্যালবাম 'সুপার সোলস' ১৯৮২ সালে প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে গত চার দশকে সোলস অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছে। এর মধ্যে 'মন শুধু মন ছুঁয়েছে', 'এ এমন পরিচয়', 'বৃষ্টি দেখে অনেক কেঁদেছি', 'এই মুখরিত জীবনে চলার পথে', 'কেন এই নিঃসঙ্গতা' উল্লেখযোগ্য।
এভাবে চলতে চলতে এ ব্যান্ডটি চলতি বছরে ৫০ বছরে পা রাখতে যাচ্ছে। ৫০ বছর পূর্তির আয়োজন প্রসঙ্গে ব্যান্ডের বেজ গিটারিস্ট মারুফ হাসান তালুকদার রিয়েল বলেন, ‘নতুন লোগো ছাড়াও ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই বছরের একটি পরিকল্পনা করা হয়েছে। এই সময়ের মধ্যে আমরা ৫০টি গান প্রকাশ করবো। এর মধ্যে ২০টি নতুন গান ও ৩০টি পুরোনো গান নতুন করে প্রকাশ করা হবে। জুলাই মাসে ইংল্যান্ডে ও সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় আমাদের কনসার্ট রয়েছে। এ ছাড়া দেশ-বিদেশে আরও কয়েকটি কনসার্টের পরিকল্পনা আছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
তিনি আরও জানান, 'ইতোমধ্যে ১০টি গান প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে। সব গান প্রকাশ করা হবে ভিডিও আকারে। রিমেক গানগুলোতে দেখা যেতে পারে ব্যান্ডের পুরোনো সদস্যদের। এ ছাড়া ব্যান্ডের বাইরের কোনো শিল্পীও থাকতে পারেন। এ মাস থেকেই গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। এছাড়া ২০২৪ সালের শেষে একটি গ্র্যান্ড কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে সোলসের ৫০ বছর পূর্তির এ আয়োজন।
সোলসের বর্তমান লাইনআপ: নাসিম আলী খান (কণ্ঠ) পার্থ বড়ুয়া (কণ্ঠ ও লিড গিটার) আহসানুর রহমান আশিক (ড্রামস) মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)