দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিতর্কিত শাকিব খান সম্প্রতি আরও এক বিতর্কের জন্ম দিয়েছেন। নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিক অগ্রিম নেওয়ার পরও বাড়তি অর্থ দাবির অভিযোগ করেছেন বদিউল আলম খোকন।
শাকিবকে নিয়ে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন খোকন। এ চলচ্চিত্র পরিচালকের ‘নীল দরিয়া’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন তিনি। সেজন্য পারিশ্রমিকের ৪০ লাখ টাকার পুরোটাই অগ্রিম নিয়েছিলেন ঢালিউড কিং। এখন বাড়তি আরও ৬০ লাখ টাকা দাবি করছেন এ নায়ক।
খোকনের অভিযোগ, ‘নীল দরিয়া’ সিনেমায় অভিনয়ের কথা ছিল শাকিব খানের। শুরুতে এই সিনেমায় কাজের জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ লাখ টাকা দেয়া হয় শাকিবকে। গত ২০ জুলাই থেকে শুটিং শিডিউল ছিল। শুটিং শুরু হওয়ার আগেই ফাইট ডিরেক্টর আরমান ও চিত্রগ্রাহক মজনুকে নিয়ে কক্সবাজারের জেলে পল্লিতে লোকেশন দেখে আসেন নির্মাতা।
শুটিংয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নিলেও ‘প্রিয়তমা’ সিনেমার জন্য শুটিং পিছিয়ে যায়। গত ঈদ ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। এটি হিট হওয়ার পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব।
জানা গেছে, কয়েক মাস আগেও তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর পারিশ্রমিক এক কোটি টাকা চাইছেন শাকিব। আর এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমা।
এ বিষয়ে বদিউল আলম গণমাধ্যমকে বলেন, “শাকিব খানকে আমরা টাকা দেওয়ার সময় তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। আমরা ৪০ লাখ টাকা দিয়েছিলাম। শুটিংয়ের জন্য ২০ জুলাই থেকে শিডিউল দিয়েছিলেন। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই সে জানায়, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে তারপর ‘নীল দরিয়া’ করবেন। আমিও মেনে নেই। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়। আর শাকিব খানও মত পাল্টায়, পারিশ্রমিক বাড়িয়ে দেন।”
তিনি আরও বলেন, ‘আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব খান। তাকে নিয়ে এখন কাজ করতে হলে ৪০ লাখের সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। মোট এক কোটি টাকা। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল।’
আফসোস করে খোকন বলেন, ‘এখন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়।’
খোকন জানিয়েছেন, শাকিবের জন্য বসে থাকবেন না। নতুন অভিনেতাকে নিয়ে কাজ করবেন। তবে দেশের শীর্ষ নায়কের এমন আচরণে নাখোশ তিনি।
আরএসও