দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। সাধারণ দর্শক তো বটেই, এ দেশের তারকারাও দেখে ফেলেছেন। প্রত্যেকেই বলিউড বাদশাহর অ্যাকশনে মুগ্ধ।
তারকা দম্পতি অনন্ত-বর্ষাও ‘জাওয়ান’ দেখেছেন। দুজনেই সিনেমাটি দেখে ভালো লাগা প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। সেই সঙ্গে এটাও জানালেন যে, এই ছবির সঙ্গে তাদের নির্মিতব্য ‘নেত্রী: দ্য লিডার’ ছবির অ্যাকশন দৃশ্যে মিল রয়েছে।
বর্ষা বলেন, “এই সিনেমার বেশ কিছু অ্যাকশন দৃশ্য ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার সঙ্গে মিলে যায়। যখন ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে তখন অধিকাংশ সিনেমা রিভিউ প্রদানকারীরা হয়ত বলবেন, আমরা ‘জাওয়ান’ থেকে নকল করেছি।”
তিনি আরও বলেন, “আমরা ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং দুই বছর আগে হায়দরাবাদে করেছি। আশ্চর্যজনকভাবে সেই সিনেমার অধিকাংশ দৃশ্যই শাহরুখের ‘জওয়ান’র সঙ্গে মিলে যাচ্ছে।”
এদিকে অনন্ত জালিল জানালেন, ‘জাওয়ান’ ছবির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে দিয়ে ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে সংগীত পরিচালনা করাবেন।
জলিল বলেন, “এই ছবির মিউজিক অনেক ভালো হয়েছে। যখন ছবিটি আমি আর বর্ষা দেখি, সত্যি আমরা মুগ্ধ হয়েছি। এ ধরনের মিউজিক একটি ছবিতে অনেক ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করব ‘জাওয়ান’ ছবির সংগীত পরিচালককে দিয়ে ‘নেত্রী: দ্য লিডার’ ছবির সংগীত পরিচালনা করাতে।”
অনন্ত-বর্ষার ‘নেত্রী: দ্য লিডার’ ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের দক্ষিণি পরিচালক উপেন্দ্র মাধব। এতে অভিনয় করেছেন কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায়।
আরএসও