দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা প্রদর্শনের বিরোধীতা করে আসছেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তার মতে, হিন্দি সিনেমা বাংলা সিনেমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পার্থক্য রয়েছে আকাশ-পাতাল।
ঝন্টুর কথায়, ‘আমাদের দেশে ভিন্ন সংস্কৃতি আসা উচিত না। এগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। হিন্দি সিনেমা আসায় সিনেমা হল মালিকের পেট ভরতে পারে। তা ছাড়া কোনো লাভ হবে না। সিনেমা হল বাঁচবে না, আমাদের চলচ্চিত্রও ধ্বংস হবে। আমরা চাই না বিজাতীয় ভাষার ছবি মুক্তি পাক। ইংরেজি আমাদের পড়ানো হয়, এটা একটা আন্তর্জাতিক ভাষা। সুতরাং ইংরেজি ছবি এলে আমাদের আপত্তি নেই।’
তিনি দাবি করেন, নিয়ম-নীতি না মেনে বলিউডের সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। ঝন্টু বলেন, ‘এই ছবি (জাওয়ান) কেন এ দেশে মুক্তি দিতে হবে? তাও আবার নিয়ম-নীতি না মেনে! যেখানে একই তারিখে দেশের দুটি ছবি মুক্তির জন্য বুকিং দেওয়া হয়েছে, সেখানে কীভাবে অন্য ভাষার, অন্য দেশের সিনেমা মুক্তি দেওয়া হলো?’ ঝন্টু মনে করেন, বাংলাদেশে হিন্দি ছবি আমদানির সিদ্ধান্ত আত্মঘাতী। এর সঙ্গে সংশ্লিষ্টদের দেশের শত্রু বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
প্রবীণ এই পরিচালক বলেন, ‘এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা দেশীয় সিনেমার শত্রু। আজ হয়ত অনেকেই বুঝতে পারছেন না কিন্তু একদিন বুঝবেন। যখন বুঝবেন তখন আর কিছু করার থাকবে না। অনেকেই মনে করছেন, আজ আমার সিনেমা মুক্তি পেয়েছে বলে আমি প্রতিবাদ করছি। তাদের বলছি, আমি শুরু থেকেই দেশে হিন্দি ভাষার সিনেমা মুক্তির বিপক্ষে কথা বলেছি; আগামীতেও বলব। যারা চুপ করে বসে আছেন তাদের জন্য মায়া হচ্ছে। তারা আগামী দিনে কাঁদবেন। তখন সে কান্নায় লাভ হবে না।’
গেল ৭ সেপ্টেম্বর দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’। একই দিনে ১৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুজন মাঝি’ সিনেমাটি।
আরএসও