দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। সম্প্রতি ব্যান্ডটি ৫০ বছর পার করেছে। এরই অংশ হিসেবে দেশ-বিদেশে হচ্ছে টানা কনসার্ট। দলটি এখন আছে অস্ট্রেলিয়ায়।
গত ২ সেপ্টেম্বর সিডনির মারানা অডিটোরিয়ামে পারফর্ম করেছে সোলস। হল ভর্তি দর্শক-শ্রোতাদের গানে গানে মাতিয়ে রাখে ব্যান্ডটি। দীর্ঘদিন পর সোলস সদস্যদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সেখানকার প্রবাসীরা।
এ দিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন। গানটি শুনে আপ্লুত হয়ে পড়েন দর্শক-শ্রোতারা।
সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, “সিডনিতে অনেকদিন পর গান করেছি। হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ‘ঘুম ভাঙা শহরে’ গানটি করেছি। কারণ, বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে তাকে সবসময় স্মরণের চেষ্টা করি।”
গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস। এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে সোলস। গানগুলো হলো— সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো।
জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের কয়েকটি শহরে কনসার্টে অংশ নিয়েছিল দলটি।
আরএসও