দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর এবার হীরার ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সেই গুঞ্জনের মধ্যেই খ্যাতনামা পোশাকশিল্পী মনীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে হর্ষকে নিয়ে হাজির হন মালাইকা। তবে আলোকচিত্রীদের সামনে একসঙ্গে ছবি তোলেননি তারা।
মুম্বাইয়ে আয়োজিত মনীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে উপস্থিত হন মালাইকা অরোরা। তার সঙ্গে ছিলেন গুঞ্জনে থাকা প্রেমিক হর্ষ মেহতা। পার্টিতে মালাইকা একাই আলোকচিত্রীদের সামনে ছবি তোলেন। তবে অনুষ্ঠান শেষে হর্ষকে ইশারায় ডাকেন তিনি। পরে দুজন একসঙ্গে পার্টি থেকে বেরিয়ে যান।
পার্টি থেকে বের হওয়ার আগে আলোকচিত্রীদের অভিবাদন জানান হর্ষ। এ সময় তাদের দিকে বৃদ্ধাঙ্গুলি তুলে ইতিবাচক ইঙ্গিতও দেন তিনি।
অনুষ্ঠানে মালাইকার সাজেও ছিল নজরকাড়া আয়োজন। সাদা শার্টের সঙ্গে গোলাপি ও সাদা রঙের জমকালো লেহেঙ্গা পরেছিলেন তিনি। বরাবরের মতোই আকর্ষণীয় দেখাচ্ছিল অভিনেত্রীকে।
মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরও ওই পার্টিতে উপস্থিত ছিলেন। তবে একই অনুষ্ঠানে থাকলেও সাবেক এই যুগলের দেখা হয়নি।
কে এই হর্ষ মেহতা?
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হর্ষ মেহতা একজন হীরার ব্যবসায়ী। তার বয়স ৩৩ বছর।
২০২৫ সালের অক্টোবরে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি সংগীতানুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর মালাইকা ও হর্ষের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ওই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তারা আলাদা সময়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে এই দুজনকে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে ছুটি কাটাতে যান মালাইকা ও হর্ষ। সেখানে রোমের ট্রেভি ফোয়ারার কাছে তাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে হর্ষকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় মালাইকাকে। এ সময় হর্ষ নিজের হাতে থাকা মুঠোফোনে দুজনের ছবি তুলছিলেন।
ছবিতে দুজনের পোশাকেও ছিল সাদামাটা আয়োজন। তবে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিটি নতুন করে সম্পর্কের গুঞ্জন উসকে দেয়।
চলতি বছরের মার্চে মুম্বাইয়ে কৃতিকা কামরা ও গৌরব কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন মালাইকা। সেখানেও উপস্থিত ছিলেন হর্ষ। তবে সেদিন আলোকচিত্রীদের সামনে আসেননি তিনি।
এর আগে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা অরোরা। ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
এরও আগে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ১৯৯৮ সালে বিয়ে করেন তারা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। তাদের এক ছেলে রয়েছে, নাম আরহান খান।
/অ