দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলার লোককথা, ভূতের গল্প, বডি পাপেট থিয়েটার ও সরাসরি সংগীত পরিবেশনার অনন্য সমন্বয়ে ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’। শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মঞ্চস্থ হয় নাটকটি। এতে বাংলার লোকজ ঐতিহ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং অতিপ্রাকৃত জগতের সঙ্গে মানুষের রহস্যময় সম্পর্ক তুলে ধরা হয়।
বিশিষ্ট ফরাসি পাপেটশিল্পী লরি কানাকের পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে ‘ইনভিজিবল স্টোরিজ’। বাংলাদেশের শিল্পী ও বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নাটকটি নির্মাণ করেছেন। এতে বাংলাদেশের মানুষের সহনশীলতা, রসবোধ, আশাবাদ ও প্রজ্ঞার বিষয়গুলো শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।
নাটকের কাহিনিতে দেখা যায়, ঢাকার দৈনন্দিন জীবনে ভূতের প্রভাব অনুসন্ধানে বের হন দুই বিজ্ঞানী। বৈজ্ঞানিক অনুসন্ধান দিয়ে শুরু হওয়া তাঁদের যাত্রা ক্রমেই এক বিস্ময়কর অভিযানে রূপ নেয়। একপর্যায়ে তাঁদের যাত্রা ব্যস্ত নগরজীবন পেরিয়ে পৌঁছায় সুন্দরবনের রহস্যময় বনভূমিতে। সেখানে মানুষ, প্রকৃতি ও অদৃশ্য শক্তির মধ্যকার নানা সম্পর্ক উঠে আসে।
বাংলার ঐতিহ্যবাহী ভূতের গল্পের পাশাপাশি নাটকটিতে ঢাকার যানজট ও দ্রুত নগরায়ণের মতো সমকালীন বাস্তবতাও তুলে ধরা হয়েছে। প্রাচীন বিশ্বাসের সঙ্গে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের সংযোগ ঘটিয়ে নাটকটি সাংস্কৃতিক স্মৃতি, পরিবেশ সচেতনতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নতুন ভাবনার সুযোগ তৈরি করে।
নাটকটিতে অভিনয় করেছেন লরি কানাক ও স্বাতী ভদ্র। পাশাপাশি নোনাভূমি অর্গানাইজেশনের সরাসরি সংগীত পরিবেশনা নাটকের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। ফরাসি ও বাংলাদেশি শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় বডি পাপেট থিয়েটার ও সংগীতের মাধ্যমে গল্প ও চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে।
প্রথম দিনের প্রদর্শনী ইংরেজি ও বাংলায় পরিবেশিত হয়। আয়োজকেরা জানিয়েছেন, শনিবার (৭ নভেম্বর) একই স্থানে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওই দিনের পরিবেশনা হবে ফরাসি ও বাংলায়।
দ্বিতীয় দিনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যে। আসনসংখ্যা সীমিত থাকায় আগে এলে আগে প্রবেশের সুযোগ পাবেন দর্শকেরা।
যে আই