দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম সিনেমার নায়িকা ছিলেন ইরিন জামান, আর সর্বশেষ মুক্তি পাওয়া ‘রকস্টার’-এ তাঁর বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের ৭০-এর বেশি নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের এই সুপারস্টার। কলকাতা থেকে বলিউড, এমনকি হলিউডের মডেল-অভিনয়শিল্পীরাও জায়গা করে নিয়েছেন তাঁর সিনেমায়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক নাম—পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। যদিও পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ঘোষণার আগেই তাই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে এসেছিল। সেই তালিকায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী, এরই মধ্যে তাঁর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।
জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ কারণে ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। কিন্তু মুখটি আড়ালেই রাখা হয়েছে।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাঁকে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তাঁর। পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে সেটি হবে তাঁর ক্যারিয়ারের নতুন এক অধ্যায়।
শাকিব খানের বিপরীতে ভিনদেশি অভিনয়শিল্পীর অভিনয় এবারই প্রথম নয়। দেশের বাইরের নায়িকার মধ্যে শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, সৌনাল চৌহান, দর্শনা বণিক, মিমি চক্রবর্তী, জ্যোতিমর্য়ী কুন্ডু প্রমুখ।
এমজে