দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মানুষের নেতিবাচক মন্তব্যে বিচলিত না হয়ে মাতৃত্বের এই সময় উপভোগ করতে চান তিনি। ক্যাটরিনার মতে, অন্যের পরিবর্তনশীল মতামতের কারণে জীবনের আনন্দময় মুহূর্তগুলো নষ্ট হতে দেওয়া উচিত নয়।
সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব, শারীরিক পরিবর্তন ও নিজের ফিটনেস নিয়ে কথা বলেন ক্যাটরিনা। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এই অভিনেত্রীর ছেলে ভিহানের বয়স এক বছর।
গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের আয়োজিত গণেশ চতুর্থীর অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন ক্যাটরিনা। সন্তান জন্মের পর জনসমক্ষে তাঁর উপস্থিতির ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধি নিয়ে মন্তব্য করেন অনেকে। একপর্যায়ে কটাক্ষের মুখেও পড়েন অভিনেত্রী।
সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। এরপরও কেউ যদি সেই পরিবর্তিত শরীরকে নেতিবাচকভাবে বিচার করেন, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ। এ বিষয়ে তথ্যের অভাবকে দায়ী করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ক্যাটরিনার ভাষায়, ‘সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে কী পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। এরপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করতে চান, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ। তথ্যের অভাবকে এর জন্য দায়ী করা যায় না, কারণ এ বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। আমি শুধু জীবনের এই সুন্দর সময় এবং সামনে এগিয়ে যাওয়ার পথের দিকে মনোযোগ দিতে চাই।’
মানুষের মন্তব্য নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের পরিবর্তনশীল মতামতের বাতাস আমাদের এদিক-ওদিক ঠেলে নিয়ে যেতে চায়।’
সন্তান জন্মের পর দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্যাটরিনা। তাঁর কাছে বিষয়টি শুধু ওজন কমিয়ে আগের অবস্থায় ফেরার নয়, বরং জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করার।
‘আগের অবস্থায় ফিরে যাওয়া? কোথা থেকে ফিরে যাব?’—এমন প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি আমার হৃদয়ের গভীরে থাকা একটি আকাঙ্ক্ষার দিকে এক ধাপ এগিয়েছি। তাহলে আবার পেছনে ফিরতে চাইব কেন?’
মাতৃত্বের প্রথম দিনগুলোর স্মৃতিচারণা করে ক্যাটরিনা বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর প্রথম কয়েক দিন ভিহানের মুখের দিকে তাকিয়ে থাকা এবং উপলব্ধি করা যে আমার ও ভিকির চার বছরের যাত্রা আমাদের এই মুহূর্তে এনে দিয়েছে, তা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়।’
নিজের ফিটনেস নিয়েও সচেতন ক্যাটরিনা। শরীর যখন সবচেয়ে বেশি কর্মক্ষম ও প্রাণবন্ত বোধ করে, সেই অবস্থায় ফিরতে চান তিনি। তবে এ জন্য তাড়াহুড়ো না করে নিজের গতিতে এগোতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী।
সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়া বলিউড তারকাদের মধ্যে ক্যাটরিনা একা নন। ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক অভিনেত্রীকে তাঁদের শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। তারকাদের শরীর নিয়ে অতিরিক্ত চর্চা ও অবাস্তব প্রত্যাশার সমালোচনাও করেছেন বলিউডের অনেকে।
সুত্র-সিয়াসাত
এমএম/