দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিনে এবার ভক্তদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের আয়োজন হচ্ছে না। আগামী ২ নভেম্বর ‘কিং’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে অনুরাগীদের সঙ্গে দেখা করার সময় পাচ্ছেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠান ‘#SRKDAY’ এবার হচ্ছে না। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ফ্যান ক্লাবগুলোকে বিষয়টি জানানো হয়েছে। ‘কিং’ সিনেমার শুটিংয়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতি বছর শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি ‘মন্নত’-এর সামনে ভিড় করেন হাজারো ভক্ত। ভারতের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে অনেকে প্রিয় অভিনেতাকে একনজর দেখতে সেখানে হাজির হন। বাড়ির বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোও শাহরুখের জন্মদিনের পরিচিত দৃশ্য।
জানা গেছে, এবার আরও বেশি সংখ্যক ভক্তকে নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। এ জন্য বড় কোনো ভেন্যুতে অনুষ্ঠান করার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে সিনেমার শুটিংয়ের ব্যস্ততায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না।
জন্মদিনে প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ায় ভক্তদের হতাশ হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের অনুভূতির কথা বিবেচনায় নিয়ে শাহরুখের দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে সিনেমাটি মুক্তির আগে ভক্তদের সঙ্গে আরও বড় পরিসরে সাক্ষাতের আয়োজন করা যায় কি না, তা নিয়ে ভবিষ্যতে ভাবনাচিন্তা করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
শাহরুখের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আর সেই ব্যস্ততার কারণেই এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে তার নিয়মিত সাক্ষাতের আয়োজন হচ্ছে না।
এমএম/