দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। অনলাইন ও অফলাইনে ছড়িয়ে পড়া এ খবর নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন ফারুকী।
ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া খবর প্রসঙ্গে ফারুকী বলেন, তাঁকে নিয়ে আগেও নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। এখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’
বর্তমানে নিজের নতুন সিনেমা ও বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তিনি। চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেন। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।

ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক এবং অন্য দুটি নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ ইতিমধ্যে শেষ হয়েছে। এর শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।
বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নতুন সিনেমার চিত্রনাট্য নিয়েও কাজ করছেন ফারুকী। একটি সিনেমার গল্প লেখা শেষ করে আরেকটির কাজ শুরু করেছেন তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।’
আরেকটি সিনেমার চিত্রনাট্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফারুকী। সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে নির্মিতব্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি বললে পলিটিক্যাল স্যাটায়ার ভাবতে পারে অনেকে, যেহেতু আমি আগেও স্যাটায়ার করেছি। এটা আসলে ভীষণ হার্ট ব্রেকিং একটা স্টোরি।’
অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।
তিশার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে ফারুকীর সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে বৈঠকে ব্যস্ত রয়েছেন তিশা। সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
এমএম/