দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর বলে দাবি করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ বিষয়ে তিনি গতকাল দেশটিতে ‘বাংলাদেশি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার’ প্রসঙ্গ তোলেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টা ১৬ মিনিটে ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘যখন ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তা মেনে নেয়। যখন পাকিস্তান ভারতে খেলতে চায় না, তখনও আইসিসি তা মেনে নেয়। কিন্তু বাংলাদেশ যখন প্রকৃত নিরাপত্তাজনিত কারণে একই অনুরোধ জানায়, তখন আইসিসি ঠিক তার উল্টোটা করেছে।’
তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে।’
মুম্বাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবাণীর কথাও তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘এ ঘটনাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করা হয়, যার ফল হিসেবে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানতেই হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।’
আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের প্রসঙ্গ টেনে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, সেখানেও মোস্তাফিজ দলে থাকলে এবং বাংলাদেশের জার্সি পরলে ভারতে বাংলাদেশ দলের জন্য মাঝারি থেকে উচ্চ পর্যায়ের ঝুঁকির কথা বলা হয়েছে।
এমন প্রেক্ষাপটের পরও আইসিসি বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ আমলে না নেওয়ায় ফারুকির মন্তব্য, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে সব সদস্যদেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া প্রয়োজন।’ তার ভাষায়, ‘নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির।’
এবি/