দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক টম ক্রুজকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, অভিনেতা ও প্রযোজক হিসেবে টম ক্রুজ তাঁর প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। চলচ্চিত্র এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে তাঁর গভীর বিশ্বাস রয়েছে। সিনেমার প্রতি এই ভালোবাসাই তাঁকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।
চার দশকেরও বেশি সময় ধরে হলিউডে কাজ করছেন টম ক্রুজ। ‘মিশন: ইমপসিবল’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রেইন ম্যান’, ‘এ ফিউ গুড মেন’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘দ্য লাস্ট সামুরাই’ ও ‘টপ গান: ম্যাভেরিক’।
অভিনয়ের জন্য একাধিকবার অস্কারের মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেতা এবং ‘ম্যাগনোলিয়া’র জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পান তিনি। এ ছাড়া ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
২০২৫ সালে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পান এই অভিনেতা। এবার এএফআইয়ের আজীবন সম্মাননা তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনের অর্জনে যুক্ত হচ্ছে নতুন স্বীকৃতি। এর আগে এ সম্মাননা পেয়েছেন এডি মারফি, নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রুজ, ডেনজেল ওয়াশিংটন ও জর্জ ক্লুনির মতো তারকারা।
এমএম/