দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রায় চার বছর নিয়মিত কাজ থেকে দূরে থাকার কারণ, অভিনয় দক্ষতা বাড়ানোর চেষ্টা এবং ক্যারিয়ার নিয়ে নানা কটূক্তির অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
বিনোদনবিষয়ক মাধ্যম ‘স্ক্রিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রশমি জানান, প্রায় তিন থেকে চার বছর নিয়মিত কাজ থেকে বিরত ছিলেন তিনি। এ সময়ে গুজরাটি একটি সিনেমা এবং জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতে অভিনয় করলেও টেলিভিশনে নিয়মিত কাজ করতে চাননি।
রশমি বলেন, ‘মাঝে তিন-চার বছর কাজ বন্ধ রেখেছিলাম। গুজরাটি একটি সিনেমা করেছি, জি৫-এর হিসাব বরাবর ছবিতেও কাজ করেছি। টেলিভিশনের কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সেগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। হয়তো তখন আমি প্রস্তুতও ছিলাম না।’
বিরতির সময় অভিনয় দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেন এই অভিনেত্রী। পুরোনো শেখা বিষয়গুলো নতুনভাবে মূল্যায়ন করতে বিভিন্ন কর্মশালায় অংশ নেন এবং নিজের দক্ষতা উন্নয়নে কাজ করেন।
দীর্ঘ সময় ধরে ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও ট্রলিংয়ের বিষয়েও কথা বলেন রশমি। তিনি জানান, গত সাড়ে তিন মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের মন্তব্য পড়া বন্ধ রেখেছেন। তাঁর অভিযোগ, অনেক সময় অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে ট্রলিং করা হয়।
অনলাইন হয়রানি ও কটূক্তির একটি সীমা থাকা প্রয়োজন উল্লেখ করে রশমি বলেন, এ ধরনের আচরণ মানুষের মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে। অনলাইন ট্রলিংয়ের কারণে অনেকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তও নিতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নারী হওয়ার কারণে বিভিন্ন সময়ে অবমূল্যায়নের শিকার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। তাঁর মতে, পর্দায় নারীদের শুধু সৌন্দর্য বা চাকচিক্য প্রদর্শনের উপকরণ হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। নারীদের অভিনয়দক্ষতা ও কাজের যথাযথ মূল্যায়ন করা উচিত।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে রশমি বলেন, একজন অভিনেত্রী হিসেবে তাঁর আরও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। তবে প্রতিভা প্রকাশের জন্য উপযুক্ত সুযোগ বা মঞ্চ পাননি বলে মনে করেন তিনি।
অনেকে তাঁকে শুধু টেলিভিশন অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ করে দেখেন উল্লেখ করে রশমি বলেন, টেলিভিশন মাধ্যমকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ, এই মাধ্যমের দর্শকসংখ্যা ব্যাপক এবং মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতাও অনেক বেশি।
ক্যারিয়ার নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে রশমি জানান, তাঁকে অনেকেই বলেছেন, টেলিভিশনে তাঁকে অতিরিক্ত দেখা গেছে। এমনকি তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেও মন্তব্য শুনতে হয়েছে।
এমএম/