দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তির ১৩ দিনের মাথায় বিশ্বব্যাপী ৫১৩ কোটি রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ড্রামা-থ্রিলার ‘দৃশ্যম: দ্য কনক্লুশান’। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলার পাশাপাশি বক্স অফিসেও ভালো ব্যবসা করছে।
বক্স অফিস ও সিনেমার আয় পর্যালোচনাকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি শুধু ভারতেই ২৪৫ কোটি রুপি আয় করে। এরপর দ্বিতীয় সপ্তাহেও আয়ের ধারা অব্যাহত থাকে। এখন পর্যন্ত ভারতের বাজারে সিনেমাটির মোট আয় ৩৮৭ কোটি রুপির বেশি। বাকি আয় এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।
চলতি বছরে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশান’। তবে পূজা উপলক্ষে সিনেমাটির আয়ের গতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে বিজয় সালগাওকার। স্বল্প প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকারী হলেও বুদ্ধিমত্তা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে পরিবারের সদস্যদের আইনি জটিলতা থেকে রক্ষা করার চেষ্টা করেন তিনি। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সাধারণ জীবনযাপন করা বিজয়ের জীবনে একটি অপ্রত্যাশিত অপরাধ নতুন সংকট তৈরি করে। সেই সংকট থেকে পরিবারকে রক্ষার জন্য তাঁর পরিকল্পনা ও কৌশলই গল্পের মূল আকর্ষণ।
অজয় দেবগনের অভিনীত চরিত্রটি আগের দুই পর্বের ধারাবাহিকতায় এবারও নতুন বিপদের মুখোমুখি হয়। তবে নতুন কিস্তিতে সাসপেন্সের পাশাপাশি বিজয়ের সিদ্ধান্তের মানসিক পরিণতি ও পারিবারিক আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম: দ্য কনক্লু’শান প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পর এটি সিরিজটির পরবর্তী কিস্তি। আগের পর্বগুলোর তুলনায় নতুন সিনেমাটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এর গল্প মৌলিক এবং মালয়ালম সংস্করণের কাহিনির সঙ্গে এর সরাসরি যোগসূত্র নেই।
এমএম/