দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ক্যারিয়ারে শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। তেলুগু সিনেমায় অভিষেক হলেও তামিল, মালয়ালম ও বলিউডে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। ‘দৃশ্যম ৩’-এর সাফল্যে অজয় দেবগনের স্ত্রীর চরিত্রে শ্রিয়ার অভিনয়ও প্রশংসিত হচ্ছে। সাবলীল অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ৭০টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন শ্রিয়া। একাধিক প্রেমের গুঞ্জনের পাশাপাশি বিদেশি নাগরিককে গোপনে বিয়ে করে খবরের শিরোনামে আসেন তিনি। ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন তারকার সঙ্গে বিভিন্ন সময়ে তার নাম জড়িয়েছে। ফলে শ্রিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়।

১৯৮২ সালে জন্ম নেওয়া শ্রিয়া ২০০১ সালে তেলুগু চলচ্চিত্র ‘ইশতাম’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘সন্তোষম’, রজনীকান্তের সঙ্গে ‘শিবাজি: দ্য বস’, অজয় দেবগনের বিপরীতে ‘দৃশ্যম’ এবং এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর মতো সফল সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি শ্রিয়া একজন দক্ষ কত্থক নৃত্যশিল্পী। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন তিনি। তার নৃত্যশৈলী ও সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগ তাকে বহুমুখী শিল্পী হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।
বর্তমানে নিজের সাম্প্রতিক সিনেমা ‘দৃশ্যম ৩’-এর সাফল্যের কারণে ফের আলোচনায় রয়েছেন শ্রিয়া। ছবিটি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অজয় দেবগনের বিপরীতে শ্রিয়ার অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

দক্ষিণ ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত শ্রিয়া। সফল চলচ্চিত্র ও ব্র্যান্ডের প্রচারণা থেকে তার বিপুল আয় রয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্যক্তিজীবনে রাশিয়ায় বসবাসকারী টেনিস খেলোয়াড় ও উদ্যোক্তা আন্দ্রে কোশ্চিভকে গোপনে বিয়ে করেন তিনি। বর্তমানে স্বামী আন্দ্রে ও কন্যা রাধাকে নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন শ্রিয়া।
পর্দার অভিনয় থেকে নৃত্য এবং ব্যক্তিজীবন, সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন শ্রিয়া সরণ। নতুন সিনেমার সাফল্যের মধ্য দিয়ে তার জনপ্রিয়তাও নতুন করে আলোচনায় এসেছে।