দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছর ঘুরে আবারও আমেরিকার মাটিতে বসতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ডের আসর। নিউইয়র্কে আগামী ১০ অক্টোবরের এই আয়োজনে থাকছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দীর্ঘ পাঁচ বছর পর এই আয়োজনে ফিরছেন তিনি। এবার শুধু অংশ নেওয়াই নয়, বিশেষ সম্মাননার পাশাপাশি মঞ্চে পারফর্মও করবেন এই তারকা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের জমকালো আয়োজন।
এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন শাকিব খান। এরপর দীর্ঘ বিরতির পর এবার আবারও এই আয়োজনে যোগ দিচ্ছেন তিনি।
‘শো টাইম’-এর প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবারের অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা একঝাঁক শিল্পীর হাতে এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা তুলে দেওয়া হবে। তবে কারা এবার সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকাদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের উপস্থিতিও থাকছে। অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ আরও অনেকের।
সংগীতাঙ্গন থেকেও থাকছেন জনপ্রিয় শিল্পীরা। তালিকায় রয়েছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনাসহ আরও অনেকে।
তারকাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে থাকবে মঞ্চ পরিবেশনা ও সংগীত পরিবেশনা। ফলে এবারের আয়োজনকে ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজক খায়রুল ইসলাম খোকন বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্র্যময় ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চাই প্রবাসের মাটিতে।’
ঢালিউড অ্যাওয়ার্ডের আরেক আয়োজক চৌধুরী সাফওয়াত গণি বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ আমাদের কাছে দেশের শিল্প, সংস্কৃতিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন। মাঝে এক বছর এই আয়োজনটি হয়নি কিছু কারণে। সেই বিরতির পর আমরা নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আবারও আয়োজন করছি। আমাদের প্রত্যাশা, সংস্কৃতির তারকাদের সরাসরি অংশগ্রহণে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ শুধু একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির একটি বড় মিলনমেলায় পরিণত হবে।’
/অ