দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তির এখনও প্রায় এক বছর বাকি। এর মধ্যেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে আল্লু অর্জুনের প্রথম এই সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এবার সিনেমাটির প্রযুক্তিগত সাফল্য সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।
প্রযোজনা সংস্থা সান পিকচার্স জানিয়েছে, ‘রাকা’-এর একটি দৃশ্যে একই সময়ে রিয়েল টাইমে ৩৭ জন অভিনয়শিল্পীর গতিবিধি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় সিনেমায় প্রযুক্তির ব্যবহারে এ ধরনের কাজ এটাই প্রথম বলে দাবি করা হয়েছে। এর স্বীকৃতি হিসেবে গিনেস বিশ্বরেকর্ডে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
এই সাফল্যের পর অ্যাটলি কুমার ও আল্লু অর্জুনের একটি ছবি প্রকাশ করে সান পিকচার্স। ছবিতে আল্লু অর্জুনের হাতে দেখা যায় গিনেস বিশ্বরেকর্ডের সনদ। গিনেস বিশ্বরেকর্ডের ওয়েবসাইটেও রেকর্ডটির উল্লেখ রয়েছে।
‘রাকা’ নিয়ে এরই মধ্যে নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। সিনেমাটির কয়েকটি দৃশ্য দেখার পর দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তীর প্রশংসা করেছেন। তার ভাষ্য, ‘অ্যাভাটার’-এর মতো বড় বাজেটের প্রযোজনাতেও তিনি এমন দৃশ্য দেখেননি। সিনেমাটির দৃশ্যায়নকে অসাধারণ বলেও মন্তব্য করেন তিনি। একইভাবে গীতিকার বিবেক জানিয়েছেন, ‘রাকা’-এর মতো সিনেমা তিনি এর আগে মূলত হলিউডেই দেখেছেন।
গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ করা হয় ‘রাকা’-এর প্রথম ঝলক। সেখানে অভিনেতাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন অবতারে। মাথায় চুল নেই, চোখে কাজল, মুখে রহস্যময় অভিব্যক্তি আর হাতে পশুর মতো নখ, সব মিলিয়ে প্রথম ঝলকেই চরিত্রটি নিয়ে তৈরি হয় নানা কৌতূহল।
কেএম