দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মা হওয়ার পর বদলে গেছে ক্যাটরিনা কাইফের ত্বক। আগের মতো একই প্রসাধনী এখন আর স্বস্তি দেয় না, বরং ত্বক হয়ে উঠেছে আরও সংবেদনশীল। তাই বদলাতে হয়েছে পরিচর্যার ধরনও। মাতৃত্বের পর নিজের ত্বকের এই পরিবর্তন কীভাবে সামলাচ্ছেন, সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন বলিউডের এই তারকা।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, সন্তান জন্মের পর তার ত্বকের ধরন ও প্রয়োজন অনেকটাই বদলে গেছে। আগে যেসব প্রসাধনী ব্যবহার করতেন, সেগুলো একইভাবে চালিয়ে না গিয়ে ত্বকের বর্তমান অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
সন্তান জন্মের পর ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ায় কোন পণ্য তার জন্য উপযোগী, সেটিও নতুন করে বুঝে নিতে হয়েছে ক্যাটরিনাকে। ধীরে ধীরে এমন পণ্যের দিকে ঝুঁকেছেন তিনি, যেগুলো ত্বককে প্রশান্তি দেয়, সংবেদনশীলতা কমাতে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতা ও সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে সহায়ক।
তবে ত্বকের যত্নে এখন কোনো নির্দিষ্ট রুটিন কঠোরভাবে মেনে চলেন না ক্যাটরিনা। বরং ত্বক কোন সময়ে কেমন আচরণ করছে, সেটি বুঝেই পরিচর্যার ধরন বদলান। তার মতে, মানসিক চাপ, ভ্রমণ, দীর্ঘ সময় শুটিং এবং কড়া আলোও ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ত্বকের প্রয়োজন বুঝে যত্ন নেওয়াকেই বেশি গুরুত্ব দেন তিনি।
সময়ের সঙ্গে সৌন্দর্য সম্পর্কেও ক্যাটরিনার নিজের ধারণা বদলেছে। ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য নিয়ে প্রচলিত নানা ধারণার মধ্যে কাজ করলেও এখন তার কাছে ভালো দেখানোর অর্থ শুধু বাহ্যিক সৌন্দর্য নয়। ভালো অনুভব করা এবং সামগ্রিকভাবে নিজের যত্ন নেওয়াকেই তিনি বেশি গুরুত্ব দেন।
সেই যত্নের অংশ হিসেবে স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা, ধ্যান, সকালে প্রাকৃতিক আলোয় কিছু সময় কাটানো এবং ফোন থেকে বিরতি নেওয়ার ওপর গুরুত্ব দেন এই অভিনেত্রী।
ক্যাটরিনার ত্বকের যত্নের দর্শনেও এসেছে পরিবর্তন। তার মতে, রাতারাতি ত্বকে নাটকীয় পরিবর্তনের প্রত্যাশা না করে নিয়মিত যত্ন নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। কোমল উপাদানযুক্ত পণ্য ব্যবহারের পাশাপাশি ত্বক পরিষ্কার রাখা, ক্ষয় মেরামত করা এবং সুরক্ষা দেওয়াকেই এখন পরিচর্যার মূল ভিত্তি হিসেবে দেখেন তিনি।
আর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন এখন তার দৈনন্দিন পরিচর্যার গুরুত্বপূর্ণ অংশ।
/অ