দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছে ১ হাজার ১৮০ জন।
ফেল থেকে পাসের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮৬৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তৃতীয় অবস্থানে থাকা যশোর শিক্ষা বোর্ডে পাস করেছে ৩৮০ জন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন, রাজশাহীতে ১১১ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ৭৯ জন এবং সিলেটে ১৮৬ জন।
অন্যদিকে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৬৬৪ জন।
পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। মোট নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। আর জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল।
আবেদনকারী শিক্ষার্থীরা তিনভাবে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবে বলে জানিয়েছে দেশের ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফল দেখা যাবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করতে পারবে।
দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের ফল একটি ওয়েবসাইট থেকে দেখা যাবে। rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
এমএম/