দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে ইসমাইল জবিউল্লাহকে ২৬ জুলাই সভাপতি করে গঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
রিটে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ভিকারুননিসার এডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরপর তিনবার এডহক কমিটির সভাপতি হয়েছেন বলে দাবি করেন তিনি।
ইউনুছ আলী আকন্দ বলেন, আইন অনুযায়ী দুইবারের বেশি কোনো এডহক কমিটি গঠন করা যায় না এবং একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতি বা সদস্য থাকতে পারেন না। এ ছাড়া ২০২৪ সালের গভর্নিং বডি আইনে নির্বাচন করতে ব্যর্থ হলে ওই সভাপতি ও সদস্যরা পরবর্তী কমিটিতে থাকতে পারবেন না বলে বিধান রয়েছে।
তিনি বলেন, নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পরও আগের সভাপতি ও সদস্যদের নিয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ আগস্ট তিনি রিট করেন।
রিটের শুনানি শেষে আদালত এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
এমএম/