দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটে নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনায় উঠে এসেছে তিন নেতার নাম সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি ও রবিউল আউয়াল।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে। এর আগে ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনকে ঘিরে কিছুদিন আলোচনা থেমে থাকলেও বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের ইউনিট কমিটি গুছিয়ে নেওয়ার প্রস্তুতি জোরদার হয়েছে। ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন নেতৃত্ব আনার বিষয়ে দলীয় হাইকমান্ড কাজ করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর। ওইদিন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়। সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য থাকলেও এখন আবার নতুন করে কমিটি দেওয়ার আলোচনা চলছে।
এতে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। অনেকের দাবি, ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি হওয়ার পরই জবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক জবি ছাত্রদলের এক নেতা বলেন, “ছাত্রদলের একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অবশ্যই যোগ্য নেতৃত্বকেই বেছে নেবেন। ছাত্রদলের কমিটির বিষয়ে তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব।”
দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের মতামত নিয়ে নতুন কমিটির প্রস্তাবনা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। তার সম্মতি পেলেই অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বের আলোচনায় সবচেয়ে বেশি নাম এসেছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি ও রবিউল আউয়ালের। সম্ভাব্য সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে এই তিনজনকে নিয়ে আলোচনা চলছে।
সুমন সরদার দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় এবং ছাত্রদলের কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের কারণে রাজপথের পরিচিত মুখ হিসেবে পরিচিত। মোস্তাফিজুর রহমান রুমি এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন এবং সাম্প্রতিক কর্মসূচিগুলোতেও সক্রিয় ছিলেন। অন্যদিকে রবিউল আউয়াল ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত।
এছাড়া দ্বিতীয় সারির সম্ভাব্য নেতৃত্ব হিসেবে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, সাখওয়াতুল ইসলাম পরাগ এবং জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার নামও আলোচনায় রয়েছে।
ছাত্রদলের নেতারা জানিয়েছেন, নতুন কমিটি গঠনে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে, যাতে নেতৃত্ব তরুণ ও গতিশীল থাকে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবদান বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, দলীয় সূত্রগুলো বলছে আসন্ন ঈদের আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে।
জে আই