দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে ছেলের গ্রেপ্তার ও জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। তাকে ঘিরে একটি কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা ও এতে থাকা ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নয়াবাজার বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা বিকৃত করা হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
তিনি বলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ভিডিওটি তাদের নজরে এসেছে। এআই ব্যবহার করে তার ছবি বা ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে। এ জন্য ভিডিওটির সত্যতা ও উৎস যাচাই করে জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান তিনি।
মোহাম্মদ আলী আরও বলেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়ে থাকলে তা ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে তারা অবগত হয়েছেন। এ নিয়ে আগামী শুক্রবার দলের একটি জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যে আই