দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে সরকার। প্রতিষ্ঠানগুলো সরাসরি বন্ধ না করে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা কিংবা প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাসের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি হারানোর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনের তুলনায় বেশি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এসব প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কীভাবে সীমিত পরিসরে পুনর্বিন্যাস করা যায়, সেই বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েও কেউ পাস করতে পারেনি, সেগুলোর ক্ষেত্রে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা হবে। প্রতিষ্ঠান পুনর্বিন্যাসের কারণে কোনো শিক্ষকের চাকরি যাবে না।’
এদিকে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘যারা অকৃতকার্য হয়েছেন, তাদের পুনরায় পরীক্ষা কত দিনের মধ্যে নেওয়া যায়, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
উল্লেখ্য, এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
/অ